কুয়ালালামপুর, ১৫ নভেম্বর: মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর শান, মর্যাদা ও আযমত প্রতিষ্ঠা এবং তাঁর পবিত্র আহলে বায়তের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকা পালন করছে মাইজভাণ্ডার শরীফ। আযমতে মোস্তফা ﷺ-এর প্রচার-প্রসার এবং ইশকে আহলে বায়তের চেতনা মানুষের হৃদয়ে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাইজভাণ্ডারী তরিকা বিশ্বজুড়ে নবীপ্রেম, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মহানবী ﷺ-এর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তাঁর পবিত্র পরিবারবর্গের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের এই আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন, রাসূলুল্লাহ ﷺ-এর ৩১তম পবিত্র বংশধর হযরতুলহাজ্ব মাওলানা শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
রবিবার (১৫ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে ‘শানে রিসালাত ও শানে আহলে বায়ত’ শীর্ষক আয়োজিত এক আজিমুশশান মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মালয়েশিয়া শাখা এ মাহফিলের আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর শান, মর্যাদা ও আযমত উপলব্ধি করা এবং তাঁর প্রতি গভীর ভালোবাসা পোষণ করা প্রতিটি মুমিনের ঈমানি চেতনার গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র আহলে বায়তের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন নবীপ্রেমেরই অবিচ্ছেদ্য প্রকাশ। মাইজভাণ্ডার শরীফ দীর্ঘদিন ধরে এই দুই মহান চেতনা প্রতিষ্ঠা ও প্রচারে কাজ করে যাচ্ছে। দেশ-বিদেশে মাহফিল, আধ্যাত্মিক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নবীপ্রেম এবং আহলে বায়তের মহব্বতের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আযমতে মোস্তফা ﷺ ও ইশকে আহলে বায়তের শিক্ষা কেবল আনুষ্ঠানিক আলোচনা বা আবেগের বিষয় নয়; বরং তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হওয়া প্রয়োজন। মহানবী ﷺ-এর আদর্শ অনুসরণ এবং তাঁর পবিত্র পরিবারবর্গের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভালোবাসা, বিনয়, সহনশীলতা, ত্যাগ ও মানবিকতার চর্চা বিস্তৃত হয়। এই চেতনাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠা করতে পারলেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, প্রবাসে অবস্থান করেও ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিক ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে সংযোগ অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মহানবী ﷺ-এর জীবনাদর্শ, পবিত্র আহলে বায়তের ত্যাগ ও আদর্শ এবং ওলি-আউলিয়াদের মানবকল্যাণমুখী শিক্ষা তুলে ধরতে হবে। বিশ্বব্যাপী নবীপ্রেম ও আহলে বায়তের মহব্বতের চর্চা সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী প্রফেসর ডা. জোহান আশিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিএইচডি গবেষক মাওলানা মুফতি শাহ ফাইজুল কবির বদর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক স্কলার হাজি সৈয়দ সালেহ বিন ইয়াদ আলিম আলী, হাজি মোহাম্মদ ইউসুফ ডাক্তার শেখ, পিএইচডি গবেষক শাহ সোহান এবং সিনিয়র সাংবাদিক রফিক আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় মুহাম্মদ জুয়েল তালুকদার, ইকবাল, রফিক, তানভীর, জাকারিয়াসহ মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমান, প্রবাসী বাংলাদেশি, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার নেতৃবৃন্দ, ভক্ত-আশেকান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল ﷺ, মিলাদ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী ﷺ-এর প্রতি ভালোবাসা, পবিত্র আহলে বায়তের প্রতি শ্রদ্ধা এবং ইসলামের শান্তি, মানবতা ও সম্প্রীতির শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলের শেষপর্বে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, প্রবাসীদের সার্বিক কল্যাণ এবং দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরতুলহাজ্ব মাওলানা শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।