মোঃ শাহজাহান বাশার

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মশাল মিছিলে অংশগ্রহণের সরঞ্জামসহ একটি বাস জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় ডেলিগেট গার্মেন্টসের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালীবসহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সাভার মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা-কর্মী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত মশাল মিছিলে অংশগ্রহণের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুরের মো. রুবেল (৩৫), লালমনিরহাটের আদিতমারীর সুজন কুমার রায় (২৭), শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল হামিদ (১৯), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মো. বাপ্পি হোসেন সাঈদ (২০), পটুয়াখালীর বাউফলের মো. ইউসুফ (২০) এবং সিরাজগঞ্জের কামারখন্দের মো. রাকিবুল ইসলাম (২৩)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

অভিযানকালে পুলিশ একটি লাল-সিলভার রঙের হানিফ পরিবহনের বড় বাস, ১৫টি কেরোসিনমিশ্রিত মশাল, একটি হাতুড়ি, একটি করাত, প্রায় ৭০০ গ্রাম জিআই তার এবং ১২ ফুট বাই ৩ ফুট আকারের একটি ব্যানার জব্দ করে। ব্যানারটিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মশাল মিছিল এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নাম ও স্লোগান লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা-সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।