মালদ্বীপে কর্মরত অবস্থায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, দেশে ফেরানোর অপেক্ষায় মরদেহ

মালদ্বীপ প্রতিনিধি | মোহাম্মদ মাহামুদুল

প্রবাসে পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন ফেনীর আবদুল্লাহ আল মামুন (৩৯)। বিদেশের মাটিতে নতুন কর্মজীবন শুরু করেছিলেন মাত্র আড়াই মাস আগে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নিহত আবদুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মোকছদার রহমান।


স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, মামুন মালদ্বীপের ধীগুরা দ্বীপের একটি রেস্তোরাঁয় কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের আবেদন পাওয়ার পর মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মরহুমের মরদেহ দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছে তাঁর পরিবার। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে স্বজনরা।

বর্তমানে তাঁর মরদেহ মালদ্বীপের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাত্র আড়াই মাসের প্রবাসজীবনেই এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও পরিচিতজনেরা। পরিবারের জন্য নতুন স্বপ্ন বুনতে বিদেশে পাড়ি জমানো মামুনের নিথর দেহ এখন অপেক্ষায়—কবে ফিরবে জন্মভূমির মাটিতে।


এএনবিটোয়েন্টিফোর ডট নেট। সত্যের সন্ধানে প্রবাসীদের খবর সবার আগে।