মোঃ শাহজাহান বাশার

দেশে ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় ব্যবহার করে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনাকারী কিছু গোষ্ঠীর কারণে ইসলাম ও মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে দৃঢ় অবস্থান নিতে হবে। একই সঙ্গে ধর্মীয় উগ্রবাদ, অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজন প্রতিরোধে সুফি-সুন্নি মতাদর্শে বিশ্বাসীদের রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে আয়োজিত এক বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, সরকারের ঘনিষ্ঠ অবস্থানে থাকা কিছু চরমপন্থী ও কথিত ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তাঁর অভিযোগ, কোনো এক অদৃশ্য কারণে রাষ্ট্রযন্ত্র এসব উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যাশিত কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বরং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তাদের প্রভাব ও তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। ধর্মের নামে উগ্রতা, বিদ্বেষ ও অসহিষ্ণুতার চর্চা কোনোভাবেই ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শের প্রতিনিধিত্ব করে না।

তিনি বলেন, ইসলাম শান্তি, মানবতা, সহনশীলতা, সম্প্রীতি ও পরমতসহিষ্ণুতার ধর্ম। অথচ ধর্মীয় পরিচয় ব্যবহার করে যারা ভিন্নমতাবলম্বীদের ওপর আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা সামাজিক বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তারা ধর্মের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা কিংবা মতাদর্শগত পার্থক্যের কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর হামলা সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ধর্মের নামে সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে রাষ্ট্র, রাজনৈতিক দল, ধর্মীয় নেতৃত্ব এবং সচেতন নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সুফি-সুন্নি মতাদর্শের অনুসারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএসপি চেয়ারম্যান বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সুন্নি সুফিবাদে বিশ্বাসী জনগোষ্ঠীর রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও তাসাউফে বিশ্বাসীদের ওপর বিভিন্ন হামলা ও নির্যাতনের ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতা ছিল বলে তিনি অভিযোগ করেন। এসব ঘটনার পেছনের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নিজেদের অরাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে সুন্নি জনগোষ্ঠী যদি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা থেকে দূরে থাকে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের ধর্মীয় বিশ্বাস, মতাদর্শ, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে সোচ্চার হওয়ার অধিকার সবার রয়েছে। তাই শুধু দরবার, খানকাহ ও ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিসরেও সুফি-সুন্নি জনগোষ্ঠীর সংগঠিত উপস্থিতি প্রয়োজন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়া মানে সংঘাত কিংবা প্রতিশোধের রাজনীতিতে জড়িয়ে পড়া নয়। বরং গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখাই হওয়া উচিত মূল লক্ষ্য। উগ্রবাদী শক্তির মোকাবিলায় আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক ঐক্য, রাজনৈতিক সচেতনতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তিনি সুফি-সুন্নি জনগোষ্ঠীকে পারস্পরিক বিভেদ ও সংকীর্ণতা পরিহার করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মীয় ও রাজনৈতিক শক্তির দায়িত্বশীল আচরণ প্রয়োজন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়ের আড়ালে আইন নিজের হাতে তুলে নিতে পারে না। উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের অগ্রাধিকার।

মাহফিলে সভাপতিত্ব করেন ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গজারিয়া উপজেলা শাখার সভাপতি খলিফা মাওলানা মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

এতে আরও আলোচনা করেন কুমিল্লার ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুফতি বাকিবিল্লাহ আল আজহারী, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, জামালপুর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা রওনকুল ইসলাম জামালপুরী এবং নারায়ণগঞ্জের ফকিরটোলা জামে মসজিদের খতিব মুফতি নাহিদুল ইসলাম কাদেরী প্রমুখ।

মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারী।

এ সময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলের শেষ পর্যায়ে মিলাদ ও কিয়াম শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী।