মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাঁচ শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় তাদের পাগড়ি, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, বরকতময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষা সফরে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের অসুস্থ মায়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট হাজী ফজলুল হক। তিনি হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীর হাতে পাগড়ি, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আয়েত আলীর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ মাওলানা হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও বাকশীমূল উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন মুফতি আবু মুসা রহমানি ও মুফতি মাহাদী। পরে বরকতময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা, হিফজ কার্যক্রমের গুরুত্ব এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।