
মোঃ শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লে. কর্নেল শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে নামেন এবং রাজধানীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেন।
লে. কর্নেল শরিফুল ইসলাম বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতেই মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি সদস্য।’
তিনি আরও জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তা বজায় রাখতে তারা কাজ করে যাচ্ছেন।
রাজধানীর বিভিন্ন সংবেদনশীল এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবির টহল, চেকপোস্ট এবং যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। বিজিবির উপস্থিতি রাজধানীতে নিরাপত্তার বলয় আরও শক্তিশালী করেছে।
এদিকে, নগরবাসীর মাঝে বিজিবি মোতায়েনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে স্বস্তির মনে করলেও অনেকে ভাবছেন, এটি হয়তো বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।






