
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাস চুরি প্রতিরোধে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৯ নভেম্বর (রবিবার) ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে স্থাপিত পাইপলাইন উচ্ছেদ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়-এর নেতৃত্বে তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ আওতাধীন নাসিরুদ্দিন সড়ক, দনিয়া, কদমতলী, মদিনা ট্যাংক গলি, লন্ডন মার্কেট ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) এলাকায় তিনটি স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আল রাব্বি ওয়াশিং ও ভাই ভাই ওয়াশিং সার্ভিস নামের দুটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ৬০০ মিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন ব্যাসের ১৫৫ ফুট এমএস পাইপ, ২০০ ফুট প্লাস্টিক পাইপ ও ২টি বুস্টার অপসারণ/জব্দ করা হয়।অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ভাই ভাই ওয়াশিং সার্ভিস প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই দিনে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খান-এর নেতৃত্বে আঞ্চলিক বিপণন বিভাগ-রূপগঞ্জ, জোবিঅ-আড়াইহাজার আওতাধীন ঝাউগড়া (দক্ষিণপাড়া), নাগেরচর (মুকুন্দি) ও কৃষ্ণপুড়া এলাকায় তিনটি স্থানে অভিযান পরিচালিত হয়।অভিযানে ১,২০০টি বাড়ির ১,৫০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৩,১০০ ফুট এমএস পাইপ অপসারণ ও জব্দ করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, নাগেরচর এলাকায় একটি চুনা কারখানা স্থাপনের উদ্দেশ্যে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন কেটে টুকরো করে জব্দ করা হয়েছে।
তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া আওতাধীন গোরাট পাকার মাথা ও ইউসুফ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রায় ৪৫০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৯০০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়।
এই অভিযানের ফলে মাসিক ১১ লাখ ৫৫ হাজার ৯৯৬ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে বলে তিতাস গ্যাস সূত্রে জানা গেছে।
এছাড়া, তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক জোবিঅ-ফতুল্লা এলাকায় বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়, যার মধ্যে ছিল—
এপি নীট কটন ডাইং, রয়া ডাইং, এডভ্যান্স ওয়ার্ল্ড লিমিটেড, শাহানুর ট্রেডার্স, কদম রসূল ডাইং অ্যান্ড প্রিন্টিং, আজাদ রিফাত ফাইবার্স লিমিটেড, ঢাকা টেক্সটাইল মিলস, স্যামসন উইন্টার ওয়্যার লিমিটেড ও মুন ফেব্রিক লিমিটেড।
পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি বা অনিয়ম পরিলক্ষিত হয়নি, বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত সময়কালে পরিচালিত অভিযানে ৩৯৬টি শিল্প, ৫৩২টি বাণিজ্যিক ও ৭৩,০৯৭টি আবাসিক সংযোগসহ মোট ৭৪,০২৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।একই সময় ১,৫৮,১৪৬টি বার্নার বিচ্ছিন্ন এবং ৩১০.৭ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের অপচয়, চুরি ও অবৈধ সংযোগ দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।






