মনোনয়ন বঞ্চিত ঘোষিত প্রার্থী বাতিল ও পুনঃমনোনয়নের দাবিতে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজটব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত ব্রাহ্মণপাড়া

মো. শাহজাহান বাশার

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সমর্থকরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়ার টাটেরা এলাকায় তারা এক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের শত শত সমর্থক ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে কুমিল্লা-মীরপুর সড়কে ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’— স্লোগানে মুখর হয়ে ওঠেন। ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন, যার ফলে ঐ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “জনগণের প্রিয় নেতা ব্যারিস্টার মামুনকে ষড়যন্ত্রমূলকভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।” তারা ঘোষিত মনোনয়ন বাতিল করে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে পুনরায় প্রার্থী ঘোষণার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় টাটেরা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি কুমিল্লা-মীরপুর সড়ক প্রদক্ষিণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

একইদিন বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকাতেও ব্যারিস্টার মামুনের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, এনায়েত করিম ভূঁইয়া, হাসান ভূঁইয়া, মাহাবুব রহমান ভূঁইয়া দিদার, আবু ইউসুফ বাবুল, আকরামুল ইসলাম, মতিউর রহমান সেলিম, মানিক মিয়া ডিলার, জয়নাল হাজারী, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, নাজমুল হাসান ভূঁইয়া, রাসেল মিয়া, ইসরাফিল, ইমন মিয়া, আলী আক্কাস, খালিল মিয়াসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দল যদি জনগণের দাবির প্রতি সাড়া না দেয়, তবে মাঠে কঠোর আন্দোলনে নামবে সাধারণ নেতাকর্মীরা।” তারা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে জনপ্রিয়, যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “এই আসনে বিজয়ের একমাত্র প্রতীক মামুন ভাইকেই জনগণ চায়।”

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, মনোনয়ন বঞ্চিত এই প্রার্থীর প্রতি সমর্থকদের দৃঢ় অবস্থান কুমিল্লা-৫ আসনের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে মনোনয়ন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে, তা দলের অভ্যন্তরীণ সমন্বয়ের বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের জনপ্রিয়তা ও সাংগঠনিক উপস্থিতি অস্বীকার করার সুযোগ নেই। এখন দল কীভাবে এই ক্ষোভ প্রশমিত করে, সেটিই নির্ধারণ করবে আগামী নির্বাচনে মাঠপর্যায়ে বিএনপির অবস্থান কতটা দৃঢ় হবে।